প্রিয় নবীর চল্লিশ হাদিস-৩

হাদিস নং ৭
হযরত আবু রুকাইয়া তামীম বিন আওস আদ-দারী (রা) থকে বর্ণিত, নবী (সাঃ) বলেছেন – দ্বীন হচ্ছে নিষ্ঠার নাম। আমরা জিজ্ঞেস করলাম, এ নিষ্ঠা কার প্রতি ? জবাবে রাসূলুল্লাহ (সাঃ) বলেন, আল্লাহ তায়ালা ও তাঁর কিতাবের প্রতি, তাঁর রাসূলের প্রতি, মুসলমানদের নেতাদের প্রতি – সর্বোপরি সকল মুসলমানের প্রতি। [মুসলিম]

হাদিস নং ৮
হযরত ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, রাসুলে পাক (সাঃ) বলেছেন, আমাকে ততোক্ষণ পর্যন্ত মানুষের সাথে লড়াই করতে হুকুম দেওয়া হয়েছে – যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ তায়ালা ছাড়া আর কোন মাবুদ নেই এবং মোহাম্মদ (সাঃ) আল্লাহর রসুল এবং তারা নামায কায়েম করবে ও যাকাত দিবে। আর যদি তারা এরুপ করে তবে তারা আমার হাত থেকে নিজেদের জীবন ও সম্পদ রক্ষার গ্যারান্টি লাভ করবে। অবশ্য ইসলামের হক্ক যদি অন্যকিছু দাবী করে তবে তা আলাদা বিষয়, আর তাদের সবার চূড়ান্ত হিসাব কিতাবতো নির্ভর করে সম্পূর্ণ আল্লাহ তায়ালার উপর। [বুখারী ও মুসলিম]
হাদিস নং ৯
হযরত আবু হুরায়রা আব্দুর রহমান বিন ছাখর (রা) হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসুলকে বলতে শুনেছি – আমি তোমাদেরকে যা নিষেধ করেছি তা থেকে বেঁচে থেকো, আর আমি তোমাদের যা আদেশ করেছি তোমরা তা পালন করো। কারণ তোমাদের আগেকার লোকদের যে জিনিসটা ধ্বংস করে দিয়েছে তা ছিলো নবীদের কাছে তাদের বেশি বেশি প্রশ্ন করা ও নবীদের ব্যাপারে তাদের অধিক পরিমাণ মতবিরোধ করা। [ বুখারী ও মুসলিম]
হাদিস নং ১০
হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, মহান আল্লাহ পবিত্র এবং তিনি বান্দার কাছ থেকে কেবল পবিত্র জিনিসই গ্রহণ করে থাকেন। মহান আল্লাহ মোমেনদের তাই করার নির্দেশ দিয়েছেন যা করার নির্দেশ তিনি রসূলদেরও দিয়েছেন। মহান আল্লাহ বলেচেন, ‘হে আমার রসূলরা ! তোমরা পবিত্র জিনিস খাও এবং নেক কাজ করো। আল্লাহ তায়ালা আরো বলেছেন, হে মোমেনরা ! তোমাদের আমি যে পবিত্র রেযেক দিয়েছি তা থেকে তোমরা খাও। অতপর রসুলে করিম (সাঃ) এমন একজন লোকের কথা উল্লেখ করেন, যে ব্যক্তি অনেক দূর ভ্রমণ করে, এক সময় তার চুল রুক্ষ হয়ে যায় এবং কাপড় ধুলো বালিতে মলিন হয়ে যায়, সে নিজের দুহাত আকাশের দিকে তুলে ধরে, আর দোয়া করে, হে আমার রব ! হে আমার রব …. কিন্তু যখন তার খাবার হারাম, তার পানীয় হারাম , তার পোষাক হারাম, সে হারামভাবে লালিত পালিত হয়েছে, তখন তার দোয়া কিভাবে কবুল হতে পারে । [মুসলিম]
হাদিস নং ১১
হযরত আবু মোহাম্মদ হাসান বিন আলী বিন আবু তালিব, যিনি রসুলুল্লাহ (সা) এর পৌত্র ও তাঁর একান্ত প্রিয় (রাঃ) তার থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম এর কাছ থেকে একথাটি শুনে স্মরণ করে রেখেছি, সে সব কিছু পরিত্যাগ করো যা তোমাকে সংশয়ের মধ্যে ফেলে দেয়, তার পরিবর্তে সে সব কিছু গ্রহণ করো যা তোমাকে কোন প্রকার সন্দেহের মধ্যে ফেলে না। [ এ হাদিসটি তিরমীযি ও নাসাঈ বর্ণনা করেছেন এবং তিরমীযি বলেছেন, এটা সহিহ হাসান হাদিস]
হাদিস নং ১২
হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির উত্তম ইসলাম হচ্ছে, সে – সেই সব জিনিস পরিত্যাগ করবে যার সঙ্গে তার কোন সম্পর্ক নেই, অর্থ্যাৎ যেটা তার বিষয় নয়। [ এটা হাসান হাদিস, তিরমীযি ও অন্যান্যরা এটাকে এভাবে বর্ণনা করেছেন]
হাদিস নং ১৩
হযরত আবু হামজা আনাস বিন মালেক (রাঃ) রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম এর ব্যক্তিগত খাদেম থেকে বর্ণিত, নবী সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের তাই পছন্দ করে – যা সে নিজের জন্য পছন্দ করে। [বুখারী ও মুসলিম]